স্টাফ রিপোর্টার — ঝিনাইদহ, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬): দেশের কৃষি খাতে ডিজিটাল সেবার সম্প্রসারণ ও কৃষকদের প্রণোদনা কার্যক্রম আরও সহজ করতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের মোট ১,৫৯৮ জন কৃষককে প্রথম ধাপে কৃষক কার্ড প্রদান করা হচ্ছে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি ভর্তুকি, প্রণোদনা, কৃষিঋণসহ বিভিন্ন সেবা সহজে ও স্বচ্ছভাবে গ্রহণ করতে পারবেন।
বক্তারা বলেন, কৃষক কার্ড চালুর ফলে কৃষি খাতে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার হবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি সরকারি সুবিধা পাবেন। এতে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমে গিয়ে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
স্থানীয় কৃষকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
















