মোঃ শাহিন,শৈলকুপা, ঝিনাইদহ সংবাদাতাঃ জিকে সেচ প্রকল্পের আওতাধীন পানি ব্যবস্থাপনা সংগঠন (WMO) সদস্যদের পরিচয়, রক্ষণাবেক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) শৈলকুপা উপজেলার হাবিবপুর আঃ কাদের দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষি উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনার জন্য পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পানি উন্নয়ন সার্কেল, বাপাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেচ প্রকল্পগুলোকে আরও কার্যকর করে তোলা সম্ভব। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন বাবুর ফিরোজ।
প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় WMO সদস্য, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে পানি ব্যবস্থাপনা, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং প্রকল্পের রক্ষণাবেক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















